ছাত্ররাজনীতিতে সৎ ও মেধাবী ছাত্রদের পরিবর্তে ধর্ষক, খুনি ও অছাত্ররা বেশি প্রাধান্য পাচ্ছেন। তাঁরা ফ্ল্যাট কিনছেন, গাড়ি কিনছেন। অথচ একটা স ময় ছাত্রনেতাদের কাছে ভর্তি-বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজির মতো শব্দ ছিল অচেনা। গতকাল মঙ্গলবার রাজনীতিক ও কলাম লেখক মাহমুদুর রহমান মান্নার বাংলাদেশের ছাত্ররাজনীতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকেরা এসব মন্তব্য করেন। রাজধানীর এলজিইডি মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তাদের প্রায় সবাই বলেন, এখনকার ছাত্ররাজনীতিতে জাতীয় রাজনীতির অবক্ষয়ের প্রভাব পড়েছে। অনুষ্ঠানে ছাত্রলীগের সাবেক নেতা নূরে আলম সিদ্দিকী বলেন, ‘এখন ছাত্রলীগ কিংবা ছাত্রদলের নেতা হতে প্রতিভার দরকার হয় না। মোসাহেবি ও তাঁবেদারি করতে জানাটাই একমাত্র যোগ্যতা।’ তিনি বলেন, স্বৈরাচারের সময় বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে। শেখ হাসিনা বা খালেদা জিয়ার সময় হয়নি।নূরে আলম আরও বলেন, ‘ছাত্রলীগ তলিয়ে যাচ্ছে। কিন্তু শেখ হাসিনা এসব কথা শুনতে চান না। তিনি কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। আমরা চাই না, শেখ হাসিনার ভাটার পানিতে খালেদা জিয়া জনতার জোয়ার তৈরি করার সুযোগ পাক। অথচ তিনিই বলেন, আমরা খালেদা জিয়ার চেয়েও ভয়ংকর।’সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ছাত্ররাজনীতির নামে যা হচ্ছে তা রাজনীতির সামগ্রিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। অথচ বাংলাদেশের স্বাধীনতা অর্জনে যদি নেতাদের ভূমিকা হয় ৫১ ভাগ, ছাত্রদের অবদান ছিল ৪৯ ভাগ। ছাত্রনেতারা তখন আদর্শের রাজনীতি করতেন। তাঁদের ব্যাংক হিসাব ছিল না। আর এখনকার নেতাদের লাখ লাখ টাকা, তাঁদের গাড়ি আছে, ফ্ল্যাট আছে। কথিত ছাত্রনেতারা একজন নৃত্যশিল্পীকে পারিশ্রমিক দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। মাহমুদুর রহমান মান্না ছাত্ররাজনীতিকে ভ্রাতৃঘাতী-জাতিঘাতী বলে মন্তব্য করেন। তিনি বলেন, দেশে এখন ভয়াবহ দুর্যোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জ্বলন্ত আগ্নেয়গিরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দাবানল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা। এখনকার ছাত্রনেতাদের কাছে ছাত্ররাজনীতির ঐতিহ্য পৌঁছে দিতেই তিনি বই প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল বলেন, ছাত্ররাজনীতির নামে যা ঘটছে তার পেছনে শিক্ষকদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, সমর্থন ও ইন্ধন আছে। তিনি বলেন, কেন ধর্ষক ও চাঁদাবাজদের ছাত্ররাজনীতিতে প্রাধান্য দেওয়া হচ্ছে, তা গভীরভাবে অনুসন্ধানের দাবি রাখে। আলোচনায় আরও অংশ নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পিয়াস করিম, সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান, শিখা প্রকাশনীর নজরুল ইসলাম।