ছাত্ররাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিচ্ছে ছাত্রলীগ!
ছাত্ররাজনীতিমুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতি চালু করতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। চলতি মাসের শেষের দিকে বা জুলাই মাসের মধ্যে ওই কমিটি ঘোষণা করা হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন গতকাল সোমবার বিকেলে মুঠোফোনে বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ২০০৭ সালের ২৮ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চালু হয়। শিক্ষার্থীরা রাজনীতি করবেন না মর্মে অঙ্গীকারনামায় সই করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু ছাত্রলীগের নাম ব্যবহার করে দুটি পক্ষ বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুরু করেছে। গত পাঁচ বছরে উভয়পক্ষ অন্তত এক ডজনবার সংঘর্ষে জড়িয়েছে। এ জন্য বিভিন্ন মেয়াদে ছাত্রলীগের বেশ কয়েকজন সমর্থক বহিষ্কৃতও হন। এ অবস্থায় ছাত্রলীগ-সমর্থক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্ররাজনীতি চালু করতে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিষ্ঠালগ্ন থেকে এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নাম ব্যবহার করে দুটি সংগঠন গড়ে ওঠে। একটি স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অন্যটি স্টুডেন্ট ফোরাম নামে কাজ শুরু করে। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আছেন লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহমুদুর রহমান এবং অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল আমিন। তাঁরা যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে আগ্রহী। অন্যদিকে স্টুডেন্ট ফোরামের নেতৃত্বে আছেন মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতি ও হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের সুদীপ চন্দ। তাঁরা যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য তৎপরতা চালাচ্ছেন। সাধারণ সম্পাদক পদ পেতে মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু তৈয়ব অপিও আগ্রহী। পদপ্রত্যাশীরা কয়েক দিন ধরে ছাত্রলীগের জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন।জানতে চাইলে সভাপতি পদপ্রত্যাশী মাহমুদুর রহমান বলেন, ‘অঙ্গীকারনামায় সই করলেও সময়ের প্রয়োজনে ছাত্রলীগ আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি শুরু করতে যাচ্ছে।’ সভাপতি পদপ্রত্যাশী মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতি বলেন, ‘জামায়াত-শিবিরের আগ্রাসন থেকে বিশ্ববিদ্যালয়কে রক্ষা ও সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য ছাত্রলীগের কমিটি হওয়া দরকার।’কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি উন্মুক্ত না থাকায় ছাত্রশিবিরের অপতৎপরতা বাড়ছে। এদের প্রতিহত করা এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের জন্য ছাত্রলীগ এখানে কমিটি দিচ্ছে। ১১ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। জুন-জুলাই মাসের মধ্যে কমিটি ঘোষণা করা হবে।’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্ররাজনীতিমুক্ত। এটা জেনেই শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণা করার পর এ ব্যাপারে করণীয় ঠিক করতে বিষয়টি নিয়ে সিন্ডিকেটে আলোচনা করা হবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’