ছাত্ররাজনীতির অনেক ক্ষেত্রে আদর্শ অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন ছিল গতকাল। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ l ছবি: প্রথম আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন ছিল গতকাল। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের স্বর্ণপদক দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ l ছবি: প্রথম আলো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বর্তমানে ছাত্ররাজনীতির অনেক ক্ষেত্রে আদর্শের অনুপস্থিতি তাঁকে বেদনাহত করে। ছাত্ররাজনীতি এখন কিছু কিছু ক্ষেত্রে আদর্শের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থনির্ভর হয়ে পড়ছে। এ থেকে বেরিয়ে এসে ছাত্ররাজনীতিকে আদর্শিক ও গণমুখী করে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত ওই অনুষ্ঠানে ৩৫ জনকে স্বর্ণপদক, ৪২ জনকে পিএইচডি, ২০ জনকে এমফিলসহ মোট ছয় হাজার ১৬১ জনকে বিভিন্ন ডিগ্রি প্রদান করা হয়।
আবদুল হামিদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছে অনেক বরেণ্য রাজনীতিবিদ। মূলত ছাত্ররাজনীতির পথ বেয়েই তাঁদের উত্থান ঘটেছে। নেতৃত্ব সৃষ্টিতে ছাত্ররাজনীতির প্রয়োজন রয়েছে। তবে তা হতে হবে আদর্শিক ও জনকল্যাণমুখী।
নিজেদের সময়ের ছাত্ররাজনীতির কথা বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘ষাটের দশকে আমরা যাঁরা ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, তাঁদের সবারই আদর্শ ছিল। সেই আদর্শ হলো দেশ ও জনগণের কল্যাণ সাধন। সেখানে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের কোনো স্থান ছিল না।’
গতকালের ওই অনুষ্ঠানে জেনেভাভিত্তিক মেধাস্বত্ব সংগঠন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের (ডব্লিউআইপিও) মহাপরিচালক ফ্রান্সিস গ্যারির হাতে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি তুলে দেন আচার্য।
সমাবর্তন বক্তা ফ্রান্সিস গ্যারি বলেন, নতুন জ্ঞান সৃষ্টি ও সমাজে এই জ্ঞান বিতরণের কাজে ‘গ্র্যাজুয়েটদের’ সম্পৃক্ত হতে হবে। মেধাস্বত্বকে অর্থসম্পদের চেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আর্থসামাজিক উন্নয়নে আধুনিক প্রযুক্তিসংবলিত শিক্ষা ও জ্ঞানের বিকল্প নেই। মেধাস্বত্বের সঙ্গে সর্বাধুনিক প্রযুক্তির মিশ্রণ ঘটিয়ে কৃষি, শিল্পসহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গ্র্যাজুয়েটদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আমরা এখনো একুশ শতকের সকল পর্যায়ের শিক্ষাকে বিজ্ঞানমুখী করে তুলতে পারিনি। অন্তত আগামী ২০ বছরে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে কী জাতীয় এবং কী পরিমাণ বিশেষায়িত জ্ঞানের প্রয়োজন, সে রূপরেখা তৈরি করে তা বাস্তবায়ন আমাদের শিক্ষা পরিকল্পনায় এখনো প্রাধিকার লাভ করেনি। উচ্চমাধ্যমিক ও উচ্চতর শিক্ষার বিষয়ে এখনই শিক্ষাসংশ্লিষ্ট সবার অভিমত ও পরামর্শ অনুযায়ী কর্মপরিকল্পনা স্থির করতে হবে।’
দেশের অস্থিতিশীল রাজনৈতিক অবস্থার কারণ দেখিয়ে দুজন ডিনসহ বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা সমাবর্তন অনুষ্ঠান বর্জন করেন।
সমাবর্তন অনুষ্ঠানে সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমাদ ধন্যবাদ জ্ঞাপন করেন। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। এ সময় মঞ্চে ছিলেন সহ-উপাচার্য (প্রশাসন) সহিদ আকতার হুসাইন ও কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা।
এর আগে বেলা ১১টা ৫৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে নিয়ে আচার্য কার্জন হলের সামনে থেকে শোভাযাত্রা করে সমাবর্তনস্থলে উপস্থিত হন। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু ও শেষ হয় এ অনুষ্ঠান। এ ছাড়া ছিল ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ এবং নৃত্যকলা বিভাগের আয়োজনে দুটি রবীন্দ্র ও নজরুলসংগীতের সঙ্গে স্বাগত নৃত্য পরিবেশন।