ছাত্ররাজনীতির কারণে সৃষ্ট সমস্যার সমাধান দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির কারণে সংঘাত, সেশনজটসহ নানা সমস্যা বিরাজ করছে। আবার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে দরিদ্র পরিবারের সন্তানেরা সেভাবে পড়ার সুযোগ পাচ্ছেন না। এই বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও উপকরণ নেই। তাই দ্রুত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির কারণে সৃষ্ট সমস্যার সমাধান করা উচিত। তা না হলে উচ্চশিক্ষা হুমকির মুখে পড়বে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত সেমিনারে ‘প্রাইভেট আধিপত্যের যুগের কাঠগড়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়: কিছু প্রাথমিক কথা’ শীর্ষক প্রবন্ধের ওপর আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রবন্ধটি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আনোয়ারুল কবীর।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সম্মেলনকক্ষে ‘রাজনীতি এবং উন্নয়ন’ শিরোনামে এই সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আবুল হোসাইন সেমিনারে সভাপতিত্ব করেন। তিনটি প্রবন্ধের ওপর উন্মুক্ত আলোচনায় অংশ নেন বিভিন্ন বিভাগের শিক্ষকেরা।
সেমিনারে ‘বাংলাদেশের গণমাধ্যম: নিয়ন্ত্রক পরিকাঠামোর আলোচনা’ শীর্ষক প্রবন্ধে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন বলেন, গণমাধ্যমের জন্য সমন্বিত কোনো নীতি বা আইনি কাঠামো না থাকার কারণে সরকার বিভিন্ন সময়ে নানা ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়। এ ছাড়া গণমাধ্যমগুলোর বিরুদ্ধে এখতিয়ারবহির্ভূত ক্ষমতা চর্চার অভিযোগও রয়েছে। এই দুটি বিষয় রোধে দেশে যে আইন, নিয়মনীতি আছে তার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ পরিকাঠামো গড়ে তোলা উচিত।
এ ছাড়া সেমিনারে ‘ইসলাম এবং গণতন্ত্র’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী।