ছাত্ররাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড কাম্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞানের পূর্ণতায় পরিপূর্ণ ছিল আমাদের ছাত্ররাজনীতি। কিন্তু আজ শিক্ষার্থীরা সেই ছাত্ররাজনীতির নামে, বিভিন্ন দলের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, যা কখনোই কাম্য নয়। ঘুণে ধরা এই সমাজকে ভেঙে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে এ কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, বিভিন্ন অনুষদের ডিনসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রেজিস্ট্রার ২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকের সামনে উপস্থাপন করেন এবং ডিন ও ইনস্টিটিউটের পরিচালকেরা তাদের বরণ করে নেন। অনুষ্ঠানে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ছাত্ররাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে হলে শিক্ষার্থীদের টেন্ডারবাজি, চাঁদাবাজি থেকে ফিরে আসতে হবে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নের জন্য নিজের চিন্তা-চেতনার পরিবর্তন ও প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে।এ কে আজাদ চৌধুরী বলেন, আগে জ্ঞানের রাজ্য বিশাল থাকলেও তাতে বিচরণ করা সহজ ছিল না। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে জ্ঞানভান্ডার সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বিচরণের উপায়টিও সহজতর হয়েছে। বিশ্ব জ্ঞানভান্ডারের অবারিত এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, পরিবর্তিত বিশ্ব সমাজব্যবস্থায় নিজেদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের নতুন নতুন জ্ঞানের রাজ্য জয় করতে হবে।উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে সেশনজট ও সন্ত্রাসমুক্ত করা সম্ভব হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু ও স্থিতিশীল রাখতে সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করা হবে। এ ছাড়া তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি চর্চার আহ্বান জানান।