
ছাত্ররাজনীতির মূল লক্ষ্য দেশ ও জাতির কল্যাণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘কোনো ধরনের লোভ-লালসা চরিতার্থের মনোবৃত্তি যেন আমাদের ছাত্ররাজনীতিকে কলুষিত না করে, সে জন্য সজাগ থাকতে হবে।’
গতকাল বৃহস্পতিবার বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এ কথা বলেন।
সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পরিচালিত হয় কৃষক-শ্রমিক-মেহনতি মানুষসহ আপামর জনগণের টাকায়। তাই তোমরা যেখানেই থাকো, এ দেশের গরিব ও দুঃখী মানুষের কথা ভুলবে না। সততা ও নিষ্ঠার সঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেদের নিয়োজিত করতে পারলে সমাজের প্রতি সে দায় কিছুটা হলেও শোধ হবে।’
সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, ‘শিক্ষা হতে হবে গণমুখী, যা আমাদের জীবনকে আলোকিত করবে। আমাদের আর্থসামাজিক উন্নয়নে সরাসরি ভূমিকা রাখবে। সে শিক্ষাই আমাদের কাম্য।’
শিক্ষার্থীদের উদ্দেশে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘আনুষ্ঠানিক শিক্ষাকে প্রয়োগ করার জন্য আপনাদের পছন্দনীয় ক্ষেত্র বেছে নেবেন এবং শিক্ষার সত্যিকার ব্যবহার নিশ্চিত করবেন। দেশ আপনাদের অনেক দিয়েছে। এখন আপনাদের সেই ঋণ শোধ করার পালা।’
অনুষ্ঠানে দেওয়া স্বাগত বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ‘শিক্ষা, সংস্কৃতি ও বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’
সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির ৬০৪ জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে চ্যান্সেলর, পাঁচজনকে ভাইস চ্যান্সেলর এবং ছয়জনকে ডিন স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন রাষ্ট্রপতি।
এ বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ১৮টি বিভাগে তিন হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছেন।