সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ‘ছাত্রলীগ অশান্তি সৃষ্টি করছে, এতে আমি ব্যথিত। তোমরা (ছাত্রলীগের নেতা-কর্মী) তোমাদের স্বার্থের জন্য হানাহানি, মারামারি করো। এমনকি হত্যা করো। এর থেকে তোমাদের বেরিয়ে আসতে হবে।’
গতকাল শনিবার সকালে কুমিল্লা শহরের বিষ্ণুপুর এলাকায় একটি হেলথ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন। প্রস্তাবিত খায়রুন্নেসা মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহসিন আলী বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগকে ডিসিপ্লিন ও অর্ডার শুনতে হবে। নেতা কোনো দিন ভুল করে না। অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরাই নেতা হয়েছেন। তাই নেতাদের কথা শুনতে হবে।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, জনপ্রশাসন সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব এ টি এম শামসুল হক, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান এবং হাসপাতালের পরিচালক আতাউর রহমান প্রমুখ।
বক্তব্যের শুরুতে মন্ত্রী বলেন, ‘১৯৬৪ সালে কুমিল্লার কান্দিরপাড়ের একটি বাসায় কলিম শরাফীর সঙ্গে গান গেয়েছি। তখন তিনি আমাকে গানের তালিম দিয়েছিলেন। পরে সিলেট রেডিওতেও গান গেয়েছি।’ একপর্যায়ে তিনি একটি গান গেয়ে শোনান।
মঞ্চে বসার পর বেলা ১১টা ২৫ মিনিটে বিশেষ অতিথিদের বক্তব্য চলাকালে মন্ত্রী মঞ্চ থেকে নেমে যান। এরপর ১১টা ৪৯ মিনিট পর্যন্ত মঞ্চের পেছনে তিনটি সিগারেট ও এক কাপ চা পান করেন। পরে তিনি কুমিল্লা নগরের ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন করেন।