রংপুর সরকারি কলেজে গতকাল মঙ্গলবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের কলেজ থেকে বের করে দেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে হরতালের সমর্থনে ছাত্রদল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ছাত্রলীগের সঙ্গে সংগঠনটির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। তাঁদের স্থানীয় বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ছাত্রলীগের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল হাসান বলেন, হরতালের পক্ষে ছাত্রদলের মিছিল থেকে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার চেষ্টা করলে তা প্রতিহত করা হয়। এ ব্যাপারে চেষ্টা করেও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ সুবাস চন্দ্র জানান, ঘটনার সময় কলেজের সমঞ্চান শ্রেণীর প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল।