জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছেন ছাত্রলীগের কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক বছর ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমসহ তাঁদের পক্ষের নেতা-কর্মীরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। বুধবার সন্ধ্যায় বটতলায় সভাপতি পক্ষের কর্মী রাসেল আ হমেদকে সংগঠনের অপর পক্ষের কর্মী আবদুল কাইয়ুম, শামিম হোসাইনসহ ছয়-সাতজন রড ও কাঠের লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন। এতে রাসেল গুরুতর আহত হন। পরে রাসেলকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গতকাল সকালে ক্লাস করতে ক্যাম্পাসে আসেন ছাত্রদলের কর্মী মুরাদ হোসেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুপার মার্কেটের সামনে এলে ছাত্রলীগকর্মী ফেরদৌস রহমান, মুহিবুল্লাহ, কিশোর কুমার, শাওনসহ চার-পাঁচজন তাঁকে মারধর করেন। পরে তাঁকে সাভারের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। রাশেদুল ও নির্ঝর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের মূলধারার নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে কর্মীদের মারধর করা হচ্ছে।