নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল গতকাল শনিবার প্যানেল ঘোষণা করেছে। ছাত্রলীগ একটি প্যানেল ঘোষণা করলেও ছাত্রদলের বিবদমান দুই পক্ষ পৃথক প্যানেল ঘোষণা করেছে। ছাত্রলীগের সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের শুক্রবার রাতে সার্কিট হাউসে সাক্ষাৎকার নেওয়া হয়। জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে গতকাল কলেজ চত্বরে প্রকাশ্যে প্যানেল ঘোষণা করা হয়েছে। শামীম নেওয়াজকে ভিপি, সুমন মিয়া জিএস ও মামুন মিয়াকে এজিএস পদ দিয়ে ২১ সদস্যের এই প্যানেল ঘোষণা করা হয়।ছাত্রদলের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়কারী কেন্দ্রীয় সংসদের ঢাকা বিভাগের বিভাগীয় সহসভাপতি শরাফত হোসেনের উপস্থিতিতে শুক্রবার রাতে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের চিনিশপুরের বাসভবনে এ সাক্ষাৎকার শেষে রাত ১২টায় মনিরুল ইসলাম রোমানকে ভিপি, ফয়সাল মুন্নাকে জিএস ও আমজাদ হোসেনকে এজিএস পদে মনোনীত করে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল ও সহসভাপতি আলী হায়দার লেলিন উপস্থিত ছিলেন।শরাফত হোসেন বলেন, ‘দলীয় নেতা-কর্মীদের মতামত নিয়ে ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেল ছাত্রদলের প্যানেল।’ছাত্রদলের এই কমিটিকে চ্যালেঞ্জ করে উপজেলা বিএনপির সভাপতি দাবি করা উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহীর নেতৃত্বাধীন বিএনপি পৃথক একটি প্যানেল ঘোষণা করেছে। উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে গতকাল সকালে জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ইরানের উপস্থিতিতে এ প্যানেল ঘোষণা করা হয়। এতে ইমায়েত মো. সাকিবকে ভিপি, বিল্লাল হোসেন রনিকে জিএস ও শরীফ আহমেদকে এজিএস পদে মনোনীত করে ২১ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে ছাত্রশিবিরকে ছয়টি পদ দেওয়া হয়েছে।জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুমার বর্মণ প্রিন্স (উপজেলা চেয়ারম্যান সমর্থিত) বলেন, ‘আমাদের প্যানেলের প্রতি দলের বেশির ভাগ নেতা-কর্মীর সমর্থন রয়েছে।’এদিকে মনোনয়নপত্র জমা দিয়ে গতকাল ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ফেরার পথে ব্রাহ্মন্দী মোড়ে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। এতে শিবিরের ১০ জন কর্মী আহত হন। তাঁদের মধ্যে জাকির হোসেন ও আরিফুল ইসলামকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।