ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষ আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে গতকাল সোমবার ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে। দুপক্ষই এ ঘটনার জন্য পরস্পরকে দায়ী করেছে। আহতদের মধ্যে ছয়জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন ছাত্রদলের মির্জা আজম (২৮), মাকসুদুল রহমান (২০), মো. ফরহাদ (১৯), নূরুল হক (১৮) ও মোবারক হোসেন (২০) এবং ছাত্রলীগের বেলায়েত হোসেন (১৯) ও আল-আমিন (২০)। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ১২টার দিকে ছাত্রলীগের একদল কর্মী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের একটি সমস্যা নিয়ে ক্যাম্পাসে বৈঠক শেষে কলেজের প্রধান ফটকের দিকে যান। একই সময় ছাত্রদলের একদল কর্মী ওই ফটক দিয়ে ক্যাম্পাসে ঢোকার সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এদিকে ছাত্রদল অভিযোগ করেছে, সংগঠনের উপজেলা কমিটির সদস্য মির্জা আজম এ সংঘর্ষের ঘটনার আগে থেকেই একটি মামলার বিষয়ে কথা বলতে থানায় অবস্থান করছিলেন। হঠাৎ ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল সেখানে গিয়ে তাঁকে থানা থেকে বের করে এনে বেদম মারধর করে।জানতে চাইলে কবিরহাট থানার ওসি রঞ্জিত বড়ুয়া বলেন, কলেজ ক্যাম্পাসে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত (গতকাল বিকেল) কোনো পক্ষ মামলা করেনি।