ছাত্রলীগ ও ছাত্রদলের সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলায় ছাত্রলীগ ও ছাত্রদলের সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে গত বুধবার এই অভিযোগপত্র দাখিল করা হয়।অভিযোগপত্রে যাঁদের নাম রয়েছে তাঁরা হলেন, জেলা ছাত্রলীগের কর্মী ফজলে রাব্বি ওরফে স্মরণ, সুজন ও জুবের এবং ছাত্রদলের কর্মী ডালাস চৌধুরী, সুজন, উজ্জ্বল ও হাবিবুর রহমান। অবনীমোহন দাস গত ২৭ জুলাই সুনামগঞ্জ শহরের একটি সিএনজি স্টেশনে সন্ত্রাসী হামলার শিকার হন। ওই ঘটনায় ১৫ জনকে আসামি করে তিনি সদর থানায় মামলা করেন। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, তদন্ত শেষে ওই মামলার ১৫ জন আসামির মধ্যে চারজন ও এর বাইরে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে শুধু জুবের গ্রেপ্তার আছেন। এদিকে ছাত্রলীগের কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা বুধবার শহরে মিছিল করেছেন। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগের সুনামগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মিজানুর রহমান বলেন, অবনীমোহন দাসের ওপর ব্যক্তিগত বিরোধের জেরে হামলা হয়েছে। এখন ছাত্রলীগের কর্মীদের ফাঁসানো হচ্ছে।