বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে গত সোমবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে মারামারি হয়েছে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষের কক্ষে আশ্রয় নেওয়া পাঁচজন ছাত্রশিবির-কর্মীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে অধ্যক্ষের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। প্রত্যক্ষদর্শী কয়েকজন ছাত্র জানিয়েছেন, ফয়জুল্লাহ, মাজহুরুল হক ভূইয়া, মোহাম্মাদুল্লাহ ও নাজিম আহম্মেদ সানাউল হকসহ কলেজ শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী প্রশাসনিক ভবনে পরীক্ষার ফরম পূরণ করতে যান। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশীদ এবং সদস্য আবু সালেহ মো. আবদুল্লাহ মারুফ ওই শিবির-কর্মীদের সঙ্গে রাজনৈতিক কার্যক্রম চালানো নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে ছাত্রলীগের কর্মীরা একজোট হয়ে শিবির-কর্মীদের ওপর হামলা চালান। শিবির-কর্মীরা অধ্যক্ষের কক্ষে আশ্রয় নিলে ছাত্রলীগের কর্মীরা সেখানে ঢুকে তাঁদের মারধর করেন। পরে অধ্যক্ষ পুলিশকে খবর দিয়ে তাঁর কক্ষ ভাঙচুর করার অভিযোগ এনে শিবির-কর্মীদের ধরিয়ে দেন।কলেজ শাখা ছাত্রলীগের নেতা ও ছাত্রকল্যাণ পরিষদের সহসভাপতি মাসরেফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা শিবির-কর্মীদের ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে নিষেধ করেছিলেন। এ কারণে শিবির-কর্মীরা তাঁদের হুমকি দিচ্ছিলেন। সোমবার ছাত্রলীগের নেতা হারুন ও সালেহ ওই বিষয়ে শিবির-কর্মীদের জিজ্ঞেস করলে তাঁরা হারুনের মাথায় আঘাত করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে শিবির-কর্মীদের মারধর করেন। শিবির-কর্মীরা অধ্যক্ষের কক্ষে গিয়ে ভাঙচুর করলে অধ্যক্ষ তাঁদের পুলিশের হাতে তুলে দেন। তবে ছাত্রশিবিরের ছাত্রাবাসের সভাপতি শাহ মো. ফাহিম বলেন, ছাত্রলীগের কর্মীরা বিনা উসকানিতে তাঁদের কর্মীদের মারধর করেছেন। অধ্যক্ষ নিরাপত্তা না দিয়ে তাঁদের কর্মীদের পুলিশের হাতে তুলে দেন।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, অধ্যক্ষ মো. আবু তাহের তাঁর কক্ষ ভাঙচুর করার অভিযোগ এনে সাতজন শিবির-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।