ছাত্রলীগ ও যুবলীগের গুলির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত আরমানের মায়ের আর্তনাদ।  ছবি: সৌরভ দাশ
নিহত আরমানের মায়ের আর্তনাদ। ছবি: সৌরভ দাশ

চট্টগ্রামে রেলের দরপত্র নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ দুজন নিহত হওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বহিষ্কৃত সহসম্পাদক সাইফুল আলম লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করা হয়। এ ঘটনায় গতকাল রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকা থেকে ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী।   কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন বলেন, এ ঘটনায় এজাহারভুক্ত ৩৫ জন আসামি পলাতক।

রেলওয়ে পূর্বাঞ্চলের দরপত্র জমা দেওয়া নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে সিআরবির সাত রাস্তার মোড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম লিমন ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরীর সহযোগীদের মধ্যে গুলিবিনিময় হয়। এতে গুলিবিদ্ধ হয়ে আট বছরের শিশু আরমান হোসেন ও যুবলীগের সদস্য সাজু পালিতের মৃত্যু হয়।

ঘটনার পর ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে লিমনকে বহিষ্কার করা হয়।