ছাত্রলীগ ও যুবলীগের দুই কর্মী আবারও তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় যুবলীগের কর্মী মো. কাউছার ও ছাত্রলীগের কর্মী ছায়েদুল করিম ওরফে পবনকে আরও তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ওই দুজনকে ফেনীর আমলি আদালতের বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ৷ আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মো. কাউছারকে গত রোববার দুপুরে ও ছায়েদুলকে রাতে শহরের একাডেিম এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পরদিন আদালতের মাধ্যমে পুলিশ দুজনকে তিন দিন করে রিমান্ডে নেয়৷ গতকাল সেই রিমান্ডের মেয়াদ শেষ হয়৷
তদন্ত-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, কাউছার ও ছায়েদুল এই মামলার অন্যতম আসামি রুটি সোহেলের সহযোগী। পুলিশ এখনো রুটি সোহেলকে গ্রেপ্তার করতে পারেনি।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়৷