ছাত্রলীগ ও যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ফেনীর ফুলগাজী উপজেলা সদরে গতকাল রোববার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
এ সময় একটি যাত্রীবাহী বাসসহ অন্তত পাঁচ-ছয়টি যানবাহন ভাঙচুর করা হয় এবং ফেনী-পরশুরাম সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে ফুলগাজী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার রাতে স্থানীয় ফুলগাজী সদর ইউনিয়ন যুবলীগের সদস্য মো. পিন্টুর নেতৃত্বে নুরুজ্জামান নামে এক বাসচালককে মারধর করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বেলা দুইটার দিকে বাসচালক নুরুজ্জমানের পক্ষ হয়ে স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সদস্য আলমগীর, ফখরুল ও ইসমাইল ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যান। সেখানে যুবলীগের নেতা মো. পিন্টুকে পেয়ে গত শনিবার রাতে বাসচালককে মারধরের কারণ সম্পর্কে জানতে চান। এ নিয়ে উভয় পক্ষের মাধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে যুবলীগের মো. পিন্টু (২৬), মো. ছোটন (২৫), ছাত্রলীগের মো. ফখরুল (২৮), মো. ইসমাইল (২৩) আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত যুবলীগের সদস্য মো. পিন্টুকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য ব্যক্তিদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে ছাত্রলীগ-যুবলীগ নেতা-কর্মীরা একটি যাত্রীবাহী বাস, একটি হিউম্যান হলার (ইমা) এবং কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় ফেনী-পরশুরাম সড়কে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মারামারির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।