ছাত্রলীগ ও যুবলীগের ভাগ-বাঁটোয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রায় দেড় কোটি টাকার কাজের শিডিউল ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
ঝিনাইদহের একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন শৈলকুপা প্রকৌশলীর কার্যালয় থেকে ২০১৩-১৪ অর্থবছরের এডিপি ও উন্নয়ন তহবিলের আওতায় ৩০টি গ্রুপের প্রায় দেড় কোটি টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়৷ দরপত্রের নোটিশ গত ১১ মে উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে টানিয়ে দেওয়া হয়৷ গত রোববার ছিল শিডিউল বিক্রির শেষ দিন৷ এদিন ঠিকাদারেরা এলজিইডি কার্যালয়ে শিডিউল কিনতে গেলেও তাঁদের দেওয়া হয়নি৷ কার্যালয় থেকে তাঁদের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের নেতা শামীম হোসেন মোল্লার সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়৷
তবে ঠিকাদারেরা শামীম হোসেনের সঙ্গে কথা বলার সাহস করেননি৷ এ ছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত ঝিনাইদহের ২০-২৫ জন ঠিকাদার শিডিউল কিনতে ঝিনাইদহ এলজিইডি কার্যালয়ে অপেক্ষা করেন৷ সারা দিন বসে থাকার পরও ঠিকাদারেরা শিডিউল কিনতে পারেননি৷ এ বিষয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, তাঁরা কোনো শিডিউল না পাওয়ায় ঠিকাদারদের দিতে পারেননি৷
ঠিকাদারেরা আরও বলেন, দেড় কোটি টাকার এই কাজ শৈলকুপা উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ভাগাভাগি করে নিয়েছেন৷ এ কারণেই প্রতিটি গ্রুপে তিনটি করে শিডিউল বিক্রি হয়েছে৷ নেতারা তাঁদের পছন্দমতো ঠিকাদারদের নামে এই কাজ ভাগাভাগি করেছেন৷
শামীম হোসেন মোল্লা দাবি করেন, তাঁরা কোনো ভাগাভাগি করেননি৷ আর কাজগুলো সাধারণত চেয়ারম্যানেরা করে থাকেন৷ তাই তাঁদের স্বার্থে সবাই ছাড় দিয়েছেন৷ এর বেশি কিছু নয়৷
শৈলকুপা যুবলীগের সভাপতি রানাউজ্জামান বাদশা বলেন, তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত নন৷ তবে উপজেলা পরিষদের সঙ্গে মিলে যাঁরা কাজ নিচ্ছেন, তাঁদের একটা সমঝোতা হয়েছে৷
শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী বলেন, বিষয়টি তিনি শুনেছেন৷ নিয়ম মেনে কাজ করতে উপজেলা প্রকৌশলীকে বলেছেন৷
উপজেলা প্রকৌশলী অমিয় কান্তি মৈত্র দাবি করেন, তাঁরা শিডিউল বিক্রি করেছেন৷ কার্যালয়ের ভেতর কোনো অনিয়ম হয়নি৷ আর বাইরে কোনো সমঝোতা হয়েছে কি না, তা তাঁর জানা নেই৷ বাইরে িশডিউল না পাঠানোর বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি৷