ছাত্রলীগ ও যুবলীগের হাতে তিন শিক্ষক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষসহ তিনজন শিক্ষককে লাঞ্ছিত করেছেন যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা। গত সোমবার দুপুরে ওই কলেজে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।লাঞ্ছিত শিক্ষকেরা জানান, সম্প্রতি কলেজটির নামে রেলওয়ে থেকে প্রায় ৩০ শতাংশ জমি ইজারা নেওয়া হয়। ওই জমি আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা দখলের পাঁয়তারা করছেন। গত শুক্রবার এক সভায় পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য ওই জমি তাঁদের দেওয়ার ব্যাপারে সম্মতি জানালে শিক্ষক তৌফিকুল ইসলাম ও আশিস কুমার বর্ধন তাতে আপত্তি জানান।ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাছপাড়া ইউনিয়নের যুবলীগ কর্মী আবুল কালাম আজাদ, কুটিসহ যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন কলেজে প্রবেশ করে ওই দুই শিক্ষককে খুঁজতে থাকেন। একপর্যায়ে তাঁরা শিক্ষকদের কমনরুমে প্রবেশ করে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকুল ইসলামকে মারধর করতে থাকেন। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কলেজশিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ কিশোর কুমার দাস এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়। অধ্যক্ষ নিজামদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাংশা থানায় জিডি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। অভিযোগ অস্বীকার করে যুবলীগের কর্মী আবুল কালাম আজাদ জানান, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন।