দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে।হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম জানান, কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোপনে কার্যক্রম শুরু করে ছাত্রশিবির। গত বুধবার ক্যাম্পাসে প্রকাশ্যে প্রচারপত্র বিলি করার সময় সাধারণ ছাত্ররা শিবিরের কর্মীদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেন। ওই ঘটনার জের ধরে গতকাল বেলা ১১টায় শিবিরের ২০-২৫ জন কর্মী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আলম ও হাসানুজ্জামানকে মারধর করেন। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরকে ধাওয়া করে এলাকা থেকে বিতাড়িত করেন।ছাত্রশিবিরের দিনাজপুর শহর শাখার সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জানান, শিবির ছাত্রলীগের ওপর হামলা করেনি। পাল্টা অভিযোগ করে তিনি বলেন, বুধবার শিবিরের দুই কর্মী পরীক্ষা দিতে গেলে ছাত্রলীগ তাঁদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বেলা ১১টায় ক্যাম্পাস-সংলগ্ন দিনাজপুর-দশমাইল মহাসড়কে উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বেলা সাড়ে ১১টায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।