ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে আহত ৭
ঢাকার কেরানীগঞ্জে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে সাতজন আহত হয়েছে। গতকাল সোমবার উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে কদমতলী এলাকায় জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রমজানের বড় ভাই একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদকে কয়েকজন যুবক গালমন্দ করে। এর জের ধরে ওই স্থানে ছাত্রলীগের নেতা এমিলী ও মো. রমজানের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে কমপক্ষে সাতজন আহত হয়। গুরুতর আহত জিনজিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল ও ছাত্রলীগের নেতা এমিলীকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা জেলা ছাত্রলীগের আহ্বায়ক এম এ এইচ আবিদ বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।কেরানীগঞ্জ মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বিকেলে বলেন, ঘটনাটি শুনেছি। এ ব্যাপারে অভিযোগ পাইনি।