ছাত্রলীগ কমিটি বিলুপ্ত, সম্পাদক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখা বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদ গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সই রয়েছে। এতে বলা হয়, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখাকে বিলুপ্ত করা হলো। পাশাপাশি কমিটির সাধারণ সম্পাদক তানিম হাসান তারেককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কী ঘটনা ঘটেছে, সে বিষয়ে স্পষ্ট করা নেই। তবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তানিম হাসান গত শুক্রবার রাতে মদ্যপ অবস্থায় কলেজ চত্বরে বসবাসকারী একজন নারী কর্মচারীর বাসায় যান। একপর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাঁকে ধরে পিটুনি দিয়ে জখম করে। তানিমের বিবস্ত্র ও রক্তাক্ত একাধিক ছবি এবং ওই ঘটনার কথা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এরপরই কেন্দ্রীয় ছাত্রলীগের এ সিদ্ধান্ত এল।
ঘটনার পর থেকে তানিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়। তবে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আশিক ইকবাল স্বপন গতকাল রাতে বলেন, সেক্রেটারিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। প্রতিপক্ষের লোকজন তাঁকে ধরে নিয়ে নির্যাতন করেছে।
চুয়াডাঙ্গার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ছুফিউল্লাহ বলেন, শুক্রবার রাতের ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকৃত ঘটনা জানতে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ।