ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় ছাত্রদলের পাঁচজন আটক
আধিপত্য বিস্তার নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ ও জাতীয়তাবাদী ছাত্রদলের মধ্যে বিরোধের জের ধরে ছাত্রলীগের কর্মী আল মামুন শিহাব খুন হয়েছেন বলে একাধিক সূত্র দাবি করছে।এদিকে এ ঘটনায় পুলিশ গতকাল ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে। তাঁরা হলেন মহানগর ছাত্রদলের সদস্য শিহাবুর রহমান, ছাত্রদলের কর্মী মো. জসিমউদ্দিন, জাকির হোসেন, মিনহাজউদ্দিন ও সাব্বির আহমদ।গত মঙ্গলবার রাতে সিলেট নগরের কেন্দ্রস্থল জিন্দাবাজার এলাকায় কাজী ম্যানসনের সামনে একদল সশস্ত্র যুবকের হামলায় শিহাব খুন হন। তিনি সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।ছাত্রদলের পুরানলেন পক্ষের হামলায় শিহাব খুন হয়েছেন দাবি করে ছাত্রলীগের একটি পক্ষ ওই রাতেই এলাকার শতাধিক দোকান ও অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। আগুনে জ্বালিয়ে দেয় সাংবাদিক-ব্যবসায়ীদের ১০টি মোটরসাইকেল।এ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা গতকাল সকালে দুই ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন করেন। পরে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার জন্য ব্যবসায়ীদের কাছে দুঃখ প্রকাশ করেন। পরে ব্যবসায়ীরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করেন।ছাত্রলীগ ও ছাত্রদলের একাধিক সূত্রের দাবি, জিন্দাবাজারের পার্শ্ববর্তী জল্লারপাড় এলাকায় মহানগর ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার আধিপত্য রয়েছে। এই পক্ষে রয়েছে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবীন ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা। জল্লারপাড়ে গত সোমবার মহানগর ছাত্রদলের পুরানলেন পক্ষের দুজন কর্মী ছাত্রলীগের হামলায় আহত হন। এ ঘটনায় ছাত্রলীগ ও ছাত্রদল পরদিন পাল্টাপাল্টি বিক্ষোভ প্রদর্শন করে। এর জের ধরে বুধবার রাতে শিহাবের ওপর হামলা চালানো হয়।মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পীযূস কান্তি দে অভিযোগ করেন, সোমবারের ঘটনার জের ধরে ছাত্রদলের পুরানলেন পক্ষ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।অভিযোগ অস্বীকার করে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনার সঙ্গে ছাত্রদলের কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, আটক ছাত্রদলের পাঁচ নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো এজাহার দেওয়া হয়নি। তবে পুলিশ নিজ উদ্যোগেই খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করছে।শোক মিছিল: এদিকে শিহাব হত্যার প্রতিবাদে গতকাল বিকেলে নগরে শোক মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত নগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারের সভাপতিত্বে এ সমাবেশে বক্তারা বলেন, বিরোধী দলের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনার অংশ হিসেবে শিহাবকে খুন করা হয়েছে।আবার হামলা: অপরদিকে গতকাল সন্ধ্যার পর নগরের তালতলা এলাকার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা বলেন, শিহাবের খুনিদের খোঁজে ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সন্ত্রাসীদের প্রতিরোধে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় শাহিন মিয়া (৩০) নামের একজন হোটেল কর্মচারী আহত হন। তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কেউ এ হামলার সঙ্গে জড়িত নয়। ছাত্রলীগের নাম নিয়ে কেউ এ হামলা চালাতে পারে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নওরোজ আহমদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তালতলাসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।