কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাত
ছাত্রলীগ কর্মী মনিরুজ্জামান এক বছরের জন্য বহিষ্কার
মার্কেটিং বিভাগের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী মনিরুজ্জামানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশাধিকারের ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।ছাত্রলীগের অন্য কর্মী ইংরেজি দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ফাহিম হোসেনের সাজা (ছয় মাস) স্থগিত করা হয়েছে। গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাস্তবায়ন করে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কামাল উদ্দিন ভূঁইয়া জানান, গত ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈনউদ্দিন সফিকুর রহমান চিশতি ছুরিকাহত হন। ওই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই দিনই পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু তাহেরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ৩০ নভেম্বর তাদের প্রতিবেদন জমা দেয়। তদন্ত প্রতিবেদনে মনিরুজ্জামানকে এক বছর এবং ফাহিম হোসেনকে ছয় মাসের জন্য সাজার সুপারিশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক বিশেষ সভা হয়। ওই সভায় সিন্ডিকেট সদস্যরা উপাচার্যকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেন। দীর্ঘ সময়ে ওই সাজা বাস্তবায়িত না হওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে গত বৃহস্পতিবার জেলা পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান এবং গতকাল রোববার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদ মাহবুব খান বিশ্ববিদ্যালয়ে যান। তাঁরা উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে সংকট নিরসনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।এরই পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটির প্রতিবেদন বাস্তবায়ন করে এক নোটিশ জারি করে। এতে মনিরুজ্জামানকে এক বছরের জন্য বহিষ্কার এবং ফাহিমের ছয় মাসের সাজা স্থগিত করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামী ছয় মাস ফাহিমের প্রতি নজরদারি রাখবে। ওই সময়ের মধ্যে কোনো ঝামেলা করলে তাঁর সাজা কার্যকর হবে।