ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করতে গিয়ে জামায়াতের বাধায় ফিরে গেল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলার চণ্ডীদাসগাতি গ্রামে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগের এক কর্মীকে উদ্ধার করতে গিয়ে জামায়াত-শিবিরের প্রতিরোধের মুখে পড়েছে পুলিশ। এ অবস্থায় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। উজ্জ্বল মিয়া নামের ছাত্রলীগের ওই কর্মীকে জামায়াত-শিবির আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চণ্ডীদাসগাতি গ্রামের ছাত্রলীগের কর্মী উজ্জ্বলকে আটকে রেখে মারধর করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে পুলিশের একটি দল তাঁকে উদ্ধার করতে ঘটনাস্থলের দিকে যাচ্ছিল। খবর পেয়ে আশপাশের ছোট হামকুড়িয়া, বড় হামকুড়িয়া ও ধোপাপাড়া এলাকার জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সংঘবদ্ধ হয়ে পুলিশকে বাধা দেয়। একপর্যায়ে পুরুষের সঙ্গে গ্রামের নারীরাও লাঠিসোঁটা ও ঝাড়ু নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে গ্রামের মাতব্বরদের সমঝোতার পর বেলা একটার দিকে উজ্জ্বলকে ছেড়ে দেওয়া হয়। সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশের একটি দল চণ্ডীদাসগাতি গ্রামে অভিযানে গিয়েছিল। এ সময় গ্রামের কিছু লোক মিছিল বের করে। পুলিশের সংখ্যা ছিল ছয়জন। স্থানীয় লোকজন বেশি হওয়ায় এবং উগ্র আচরণ করায় আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ ফিরে আসে।