ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে ছাত্রলীগ
চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের অন্য একটি গ্রুপ। গতকাল সোমবার দুপুরে উপজেলার বারইয়ারহাট কলেজে এ ঘটনা ঘটে। ছাত্রলীগের আহত কর্মীর নাম উদয় (২০)। তিনি বারইয়ারহাট কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। আহত উদয়কে তাঁর সহপাঠীরা উদ্ধার করে প্রথমে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত উদয় জানান, গতকাল দুপুরে তিনি কলেজ ক্যানটিনে বসে বন্ধুদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় ছাত্রলীগের অন্য গ্রুপের রাজু ও অনীকের নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁর সহপাঠীরা তাঁকে মস্তাননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি ছাত্রলীগের অন্য নেতাদেরও জানানো হয়েছে। তিনি জানান, উদয়ের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।