ছাত্রলীগ কর্মীকে যুবলীগ কর্মীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ছাত্রলীগের কর্মী মেহেদী হাসানকে মারধর করেছেন ছাত্রলীগের অপর পক্ষের কর্মীরা। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সৈয়দ আমীর আলী হলে এ ঘটনা ঘটে।এর আগে ওই দিন রাত সাড়ে নয়টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুর এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই কর্মী আশীষ ও হাবিবকে মারধর করেছেন যুবলীগের কর্মীরা। এ দুটি ঘটনায় শুক্রবার রাতে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সভাপতি আওয়াল কবিরের সমর্থক ও আমীর আলী হলের ছাত্রলীগের কর্মী মেহেদী হাসান, ইয়াহিয়া, মেহেদীসহ কয়েকজন কর্মী ছাত্রশিবিরের কর্মী ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত হোসেনের কাছ থেকে সম্প্রতি মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁকে ওই হলে আশ্রয় দেন। এই অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামের সমর্থক তোফাজ্জল, আসাদসহ ছাত্রলীগের পাঁচ-সাতজন কর্মী শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আমীর আলী হলের ভেতরে মেহেদী হাসানকে মারধর করেন। এ সময় অন্য হলে থাকা ছাত্রলীগের দুই পক্ষের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমীর আলী হলের সামনে মুখোমুখি অবস্থান নেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সংশ্লিষ্ট হলের প্রাধ্যক্ষ ও মতিহার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।আরাফাতের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মেহেদী হাসান। তিনি পাল্টা অভিযোগ করেন, ‘তোফাজ্জল, আসাদসহ কয়েকজন আরাফাতের কাছে চাঁদা না পেয়ে আমার ওপর চড়াও হয়ে আক্রমণ করেন।’ছাত্রলীগের দুই কর্মীর ওপর হামলার প্রতিবাদে শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।এ ব্যাপারে রবিউলের বড় ভাই ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জানান, গত ২৬ জুন ছাত্রলীগের কয়েকজন কর্মী যুবলীগের কর্মী সোহাগকে মারধর করে তাঁর একটি মুঠোফোন কেড়ে নেন। এ ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের কর্মী আশীষকে শুক্রবার রাতে বিনোদপুর এলাকায় দেখতে পেয়ে যুবলীগের কর্মীরা তাঁকে আটক করেন। পরে আশীষ ভুল স্বীকার করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়, মারধর করা হয়নি।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া জানান, হলের ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। আর বিনোদপুরের ঘটনা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে দ্রুত আলোচনা করা হবে।