চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডাররা ছাত্রলীগের এক কর্মীকে হল ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রলীগের কর্মী এস ইউ এম শিবলী শিবিরকর্মী খালেদ সাইফুল্লাহের বিরুদ্ধে অভিযোগ এনে গতকাল সোমবার বিকেলে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি হলের প্রাধ্যক্ষ ও প্রক্টরের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসাদুল হক শিবলী লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, শিবলী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র এবং শাহ আমানত হলের বর্ধিত ভবনের ক/২ কক্ষের আবাসিক ছাত্র। একই হলের ১০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র খালেদ আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে শিবিরের ছেলেরা হল ছাড়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ছাত্রলীগের কর্মী শিবলী বলেন, শিবিরের আমানত হল শাখার নেতা ও আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র খালেদ দীর্ঘদিন ধরে সরাসরি ও ফোনে তাঁকে হুমকি দিচ্ছেন। গত শনিবার সন্ধ্যায় তাঁর ১০২ নম্বর কক্ষে ডেকে নিয়ে হল ছাড়ার হুমকি দেন।তবে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তফা সাকেরউল্লাহ দাবি করেন, ‘আমাদের সংগঠনে খালেদ সাইফুল্লাহ নামে কেউ নেই।’