ছাত্রলীগ কর্মীদের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে গত রোববারের হামলা এবং চিকিৎসক ও কর্মচারীকে মারধরের ঘটনায় জড়িত ছাত্রলীগ কর্মীদের ক্ষমা প্রার্থনার পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের সমন্বয়ে গঠিত ‘যৌথ সংগ্রাম পরিষদ’।
এর আগে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় পরিষদটি। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তির জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেয় ‘যৌথ সংগ্রাম পরিষদ’।
পরে পরিষদটির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে তাঁর সভাকক্ষে বৈঠকে বসেন। এ সময় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীরা গিয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা হবে না বলে কথা দেন। এর পরপরই কর্মসূচি প্রত্যাহার করে নেয় ‘যৌথ সংগ্রাম পরিষদ’।
বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার বলেন, ‘জড়িত শিক্ষার্থীরা ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার কথা দিয়েছেন। তাই বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।’ গত রোববার বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে হামলা চালান এবং চিকিৎসক ও কর্মচারীদের মারধর করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে চিকিৎসকসহ তিনজন আহত হন।