জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল
ছাত্রলীগ কর্মীদের নির্দেশে উঠবস করেন ছাত্ররা!
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে কোনো পদ নেই তাঁদের। তার পরও হল তো বটেই, ক্যাম্পাসের বিভিন্ন স্থান দাপিয়ে বেড়ান তাঁরা। হলের সাধারণ ছাত্রদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন, চুরি; প্রথম বর্ষের ছাত্রদের মাদকাসক্তিতে প্ররোচণা, ক্যাম্পাসের বাইরে জমিসংক্রান্ত বিরোধ, মিছিলে সম্পৃক্তকরণসহ নানা অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের নেতা দাবিদার জাফর বিন রশিদ ওরফে প্রীতম, কর্মী সোহেল, শরীফ, মইন, জাহিদ, মাজহারুল, সানোয়ারসহ সাত-আটজনের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক সূত্র জানায়, মীর মশাররফ হোসেন হলে নিয়মিত হেরোইনসেবীর সংখ্যা ছয় থেকে সাতজন। এ ছাড়া হলের প্রায় ১৫-২০ জন নিয়মিত গাঁজা সেবন করেন। গাঁজা সেবনের স্থান হিসেবে হলের ছাদ এবং ছাত্রলীগের জ্যেষ্ঠ কর্মীরা কখনো কনিষ্ঠ কর্মী, আবার কখনো সাধারণ ছাত্রদের কক্ষ বেছে নেন। গাঁজা সেবনের সময় কক্ষের সাধারণ ছাত্রদের গাঁজার শলা বানানোর কাজে ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। এসব মাদকসেবীর সংস্পর্শে এসে প্রথম বর্ষের কয়েকজন ছাত্র নিয়মিত গাঁজা সেবনে অভ্যস্ত হয়ে পড়েছেন।নাম প্রকাশ না করার শর্তে হলের এক ছাত্র বলেন, ‘সিগারেট খেলেও কোনো দিন গাঁজা খাইনি। তবে কয়েক দিন আগে আমার কক্ষে রাজনৈতিক এক বড় ভাই গাঁজা সেবনের সময় তাঁর নির্দেশে দুবার গাঁজা খেতে হয়েছে।’ হলের ৩৮তম ব্যাচের এক ছাত্রলীগের কর্মীর বন্ধু হলের মাদকাসক্তদের হেরোইন সরবরাহ করেন বলে জানা গেছে। তবে বহিরাগত ওই যুবক হলের সবার কাছে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে পরিচয় দেন এবং নিয়মিত হলে থাকেন।রাজনীতিতে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়ে হলের ছাত্রলীগের কর্মীরা বিভিন্ন ব্যাচের সাধারণ ছাত্রদের নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। গত ৪ অক্টোবর হলের এক ছাত্রলীগের কর্মীকে না চেনার কারণে প্রথম বর্ষের সব ছাত্রকে মধ্যরাতে হলের টিভির কক্ষে ডেকে নিয়ে তাঁদের মধ্যে একজনকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।বিভিন্ন ব্যাচের একাধিক ছাত্র জানান, বিভিন্ন সময় হলের রাজনৈতিক বড় ভাইয়েরা ঢাকা, সাভার, আশুলিয়া ও হেমায়েতপুরের বিভিন্ন স্থানে একরকম জোর করেই সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যান। তাঁরা বলেন, হলের ছাত্রলীগের নেতা-কর্মীদের নির্দেশে এ বছরের শুরুর দিকে মিরপুরের স্থানীয় এক নেতার পক্ষে টোকাই, রিকশাচালক ও দিনমজুরদের সঙ্গে তাঁদের মিছিল করতে হয়েছে।সাধারণ ছাত্ররা অভিযোগ করেন, বছরের মাঝামাঝি সময় হলের ওই নেতারা তাঁদের ১০-১২ জনকে সাভারের পাশেই একটি খোলা ময়দানে নিয়ে যান। সেখানে পৌঁছানোর আধা ঘণ্টা পর লাঠিসোঁটা হাতে ৩০-৪০ জন তাঁদের ধাওয়া করলে তাঁরা সেখান থেকে পালিয়ে আসেন। পরে জানা যায়, এক ব্যক্তির জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্যই তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল। এসব ক্ষেত্রে প্রথম বর্ষের ছাত্রদেরই বেশি ব্যবহার করা হয় বলে জানা গেছে।প্রায় প্রতি মাসেই হলের বিভিন্ন কক্ষ থেকে পাঁচ-ছয়টি মুঠোফোন চুরি যাচ্ছে। গত অক্টোবর মাসে ‘বি’ ব্লকের বিভিন্ন কক্ষ থেকে পাঁচটি মুঠোফোন চুরি হয়েছে বলে জানা গেছে। মাদকাসক্ত ছাত্রলীগের কর্মীরা এসব ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেছেন হলের একাধিক সাধারণ শিক্ষার্থী।ছাত্রলীগের নেতা দাবিদার জাফর বিন রশিদ ওরফে প্রীতম দাবি করেন, ‘এ ধরনের ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। হলের কিছু কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে।’ তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক বলেন, বিষয়গুলো নিয়ে কেউ হল প্রশাসনের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরজু মিয়া প্রথম আলোকে বলেন, এগুলো হলের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে হল প্রশাসনকেই সিদ্ধান্ত নিতে হবে।