ছাত্রলীগের নেতা-কর্মীদের পিটুনিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র নিহত হয়েছেন। নিহত সাদ ইবেন মোমতাজ মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ওই বিভাগের ছাত্র প্রতিনিধি ছিলেন।
বিশ্ববিদ্যালয় ও ছাত্রসংগঠনের একাধিক সূত্র জানায়, বিভাগের শিক্ষক মো. রফিকুল ইসলাম সরদার বিভাগের একটি পরীক্ষা গত রোববার অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন, যাঁরা অসুস্থ, তাঁদের পরীক্ষা পরে নেওয়া হবে। কিন্তু ওই দিন পরীক্ষা হবে না বলে ক্লাসের সবাইকে জানিয়ে দিতে ছাত্র প্রতিনিধি সাদকে চাপ দেন সহপাঠী ও আশরাফুল হক হলের ছাত্রলীগের কর্মী সুজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামান। কিন্তু সাদ তা করেননি। পরে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা হয়। এ নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক, সাদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে ওই দুই কর্মীর বাগিবতণ্ডা হয়।
এরই জের ধরে সোমবার রাতে হলের ২০৫ নম্বর কক্ষে (পরিত্যক্ত কক্ষ) সাদকে ডেকে নিয়ে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন এই দুই ছাত্রলীগের কর্মীসহ কয়েকজন। সুজয় ও রোকন ছাত্রলীগের আগের কমিটির নেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, আহত সাদকে সোমবার রাত সাড়ে আটটার দিকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে নয়টার দিকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু গতকাল বেলা ১১টার দিকে শহরের ট্রমা সেন্টারে সাদের মৃত্যু হয়।
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি সাদ কীভাবে ট্রমা সেন্টারে এল, জানতে চাইলে হাসপাতালের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ভোর ছয়টায় দিকে আত্মীয় পরিচয়ে কয়েকজন লোক এসে তাঁকে নিয়ে যান। তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁর এক্স-রে করার দরকার ছিল, কিন্তু রাতে তাঁর সঙ্গে কেউ ছিল না। সাধারণত রোগীদের বাইরে নিয়ে পরীক্ষা-নিরীক্ষার নিয়ম আছে। ভোর ছয়টায় কোথায় তার এক্স-রে হবে, জানতে চাইলে তিনি জেনে জানাবেন বলে জানান।
ট্রমা সেন্টার সূত্র জানায়, গতকাল ভোরে তিন-চারজন ব্যক্তি সাদকে সেখানে নিয়ে যান এবং ভর্তি করান।
সাদের মৃত্যুর পর পুলিশ ক্লিনিকটি থেকে সকালে তিনজনকে আটক করেছে। ক্লিনিকের চিকিৎসক ও কর্মীরা সবাই পলাতক থাকায় কে বা কারা সাদকে ভর্তি করিয়েছেন, সে ব্যাপারে বিস্তারিত জানা সম্ভব হয়নি।
সাদের মৃত্যুর খবর জানাজানি হলে দায়ী ছাত্রলীগের নেতা-কর্মীদের উপযুক্ত বিচার ও ছাত্রত্ব বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরে এক সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয়ে আজ ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়।
ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মৎস্যবিজ্ঞান অনুষদের একোয়াকালচার বিভাগের অধ্যাপক মো. মোহসীন আলীকে প্রধান করে ছয় সদস্যের একটি কমিটি করেছে। এ বিষয়ে হলের প্রভোস্ট মো. রফিকুল ইসলাম জানান, ‘প্রশাসনকে তদন্ত সাপেক্ষে বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছি।’
প্রক্টর শহীদুর রহমান খান বলেন, কে বা কারা মেরেছে, বিষয়টি পরিষ্কার নয়। তদন্ত কমিটি করা হয়েছে, পরে বোঝা যাবে।
ময়মনসিংহের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার জানান, ময়নাতদন্তের জন্য সাদের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত সাদের বাড়ি রাজশাহী শহরের রাজপাড়ায়। ছেলের মৃত্যুর খবর জেনে তাঁর বাবা মোমতাজ উদ্দিন আহমেদ ময়মনসিংহে ছুটে আসেন।
সাদ হত্যার বিষয়ে ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বলেন, সাদ বন্ধুদের সঙ্গে সমস্যার জড়িয়ে আহত হয়েছেন। এতে ছাত্রলীগের কেউ জড়িত নন।
তবে ছাত্রলীগের অভিযুক্ত কর্মী সুজয় ও রোকনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে গত রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁরা ক্যাম্পাসে ছিলেন।