শিক্ষক লাঞ্ছনার ঘটনায় সাত দিনের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন কর্মীর বিচার দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। একই সঙ্গে যৌন নিপীড়নেরও বিচার চেয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান হয়।
আধিপত্য, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে শিক্ষক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন।
এতে তিনি বলেন, গত ২১ জানুয়ারি বিকেল পাঁচটায় ক্যাম্পাসের চৌরঙ্গি মোড়ে ছাত্রলীগ কর্মী এবং সরকার ও রাজনীতি বিভাগের ৪০ তম ব্যাচের শিক্ষার্থী মো. আবু সায়েম বেড়াতে আসা এক নারীকে যৌন নিপীড়ন করেন। এ সময় দুই ছাত্রলীগ কর্মী বাংলা বিভাগের ৪৩ তম ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একই ব্যাচের জামশেদ আলম ওই নারীর সঙ্গে থাকা ছেলেটিকে মারধরও করেন। পরে তাঁদের থামাতে গিয়ে ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোজাহিদুল ইসলাম লাঞ্ছিত হন। কিন্তু দেখা গেছে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্রলীগ নেতৃবৃন্দের বক্তব্য নিপীড়কদের পক্ষে। এ ছাড়া এর আগেও সায়েমের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শিক্ষকেরা সাত দিনের মধ্যে শিক্ষক লাঞ্ছনাকারী ও শারীরিক নির্যাতনকারীদের বিচার শেষ করে আজীবন বহিষ্কারের দাবি জানান। যৌন নিপীড়নের ঘটনাটি নিপীড়ন বিরোধী সেলে নিয়ে তদন্তের মাধ্যমে এর বিচার দাবি করেন তাঁরা। নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন শিক্ষকেরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিক্ষক সমাজের আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক স্বাধীন সেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক নাসিম আখতার হোসাইন, ইতিহাস বিভাগের শিক্ষক এ টি এম আতিকুর রহমান, মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মোহাম্মদ গোলাম রব্বানী, দর্শন বিভাগের শিক্ষক এ এস এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া ও গণিত বিভাগের শিক্ষক মো. শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
অভিযুক্ত ওই তিন ছাত্র বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনি হল শাখার ছাত্র। এ ব্যাপারে আল-বেরুনি হল শাখার ছাত্রলীগের সভাপতি মোহব্বত আমিন শিশির বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেড়াতে আসা এক যুবক ও তরুণীকে ছাত্রলীগের কর্মীদের হাত থেকে রক্ষা করতে গিয়ে তাঁদের হাতে নিজেই লাঞ্ছিত হয়েছেন বলে গত ২৩ জানুয়ারি ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে প্রক্টরের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন ইতিহাস বিভাগের শিক্ষক মোজাহিদুল ইসলাম।