জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের কয়েকজন কর্মী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের একজন কর্মীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার জাহাঙ্গীরনগর থিয়েটারের কর্মী মোবাশ্বের আলমকে মারধর করার এ অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা আড়াইটার দিকে শ্রেণীকক্ষে বসাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের ছাত্র ও ছাত্রলীগের কর্মী আহমেদ সাদাতের সঙ্গে একই বিভাগ ও ব্যাচের ছাত্র মোবাশ্বের আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে ছাত্রলীগের কর্মী মাহমুদুল হাসান, সুব্রত দে, এ কে এম ফজলে রাব্বি ও আবু সাঈদ উপস্থিত হয়ে মোবাশ্বেরকে মারধর করেন। পরে ছাত্রলীগের কর্মীরা ইট হাতে তাঁকে মারতে এলে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি মাহী মাহফুজ ও ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি সৌমিত চন্দ উপস্থিত হয়ে মোবাশ্বেরকে উদ্ধার করেন। মোবাশ্বের আলম প্রথম আলোকে বলেন, ‘শ্রেণীকক্ষে বসা নিয়ে আহমেদ সাদাতের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা আমাকে মারধর করেন।’ এদিকে ওই ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। জোটের সভাপতি কলি মাহমুদ বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রক্টরকে অবহিত করা হয়েছে। আমরা এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) সুকল্যাণ কুমার কুণ্ডু বলেন, ‘বিষয়টি আমাকে জানানোর পরপরই ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে খোঁজখবর নিয়েছি। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর সঙ্গে যদি ছাত্রলীগের কোনো কর্মী জড়িত থাকে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানানো হবে।’