ময়মনসিংহের নান্দাইলে আবু হানিফ নামের এক ভুয়া পরীক্ষার্থীকে গতকাল মঙ্গলবার এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন৷ একপর্যায়ে তাঁরা পরীক্ষাকেন্দ্রে ঢুকে ম্যাজিস্ট্রেটকে দুই ঘণ্টা অবরোধ করে রাখেন৷
আবু হানিফ কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে৷
খুররম খান চৌধুরী কলেজ পরীক্ষাকেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. আনিছুল হক ভুইয়া জানান, আবু হানিফের চেহারার সঙ্গে প্রবেশপত্রের ছবিতে গরমিল দেখা দিলে কক্ষ পরিদর্শকের সন্দেহ হয়৷ পরে তাঁকে জিজ্ঞেস করলে তিনি নান্দাইল শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রনি রায়হানের হয়ে পরীক্ষা দিচ্ছেন বলে স্বীকার করলে বিষয়টি প্রশাসনকে জানানো হয়৷
উপজেলা প্রশাসন থেকে জানা যায়, ভুয়া পরীক্ষার্থী আটক হওয়ার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. অহিদুল ইসলাম
পরীক্ষাকেন্দ্রে যান৷ আবু হানিফ আদালতের কাছে মো. রনি রায়হান আকন্দের হয়ে পরীক্ষা দেওয়ার
কথা স্বীকার করলে আদালত তাঁর উত্তরপত্রটি জব্দ করে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন৷ এ ঘটনায় আসল পরীক্ষার্থী রনি রায়হানকেও বহিষ্কার করা হয়৷
এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইল শহর থেকে পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলামের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল কর্মী আদালতের কাছ থেকে আবু হানিফকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন৷
ম্যাজিস্ট্রেট মো. অহিদুল ইসলাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করার সত্যতা নিশ্চিত করলেও তাঁদের পরিচয় সম্পর্কে কিছু বলেননি৷ পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রাখে৷ আদালতের কাজ শেষে আবু হানিফকে কড়া নিরাপত্তায় কারাগারে নেওয়ার পথে পরীক্ষাকেন্দ্রের ফটকের সামনে পুলিশের গাড়িটি থামানোর চেষ্টা করেন ছাত্রলীগের কিছু কর্মী৷ পুলিশের গাড়িটি মহাসড়কে উঠে দ্রুত ময়মনসিংহের দিকে চলে যায়৷ গাড়ি থামানোর চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাঁরা পরীক্ষাকেন্দ্রে জোরপূর্বক ঢুকে সেখানে অবস্থানকারী ইউএনওকে অবরোধ করে রাখেন৷ এ সময় তাঁর গাড়িটি ভাঙচুরের চেষ্টা করলে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান ওই যুবকদের নিবৃত্ত করেন৷
অহিদুল ইসলাম বলেন, ‘অন্যের হয়ে পরীক্ষা দেওয়াটা দণ্ডনীয় অপরাধ৷ এ অপরাধের ন্যূনতম সাজা না হলে প্রশাসন বলে কিছু থাকে না৷ আবার আদালতের কাজে বাধাদানও বেআইনি৷ আপনারা বিষয়টি দেখেছেন৷ এ বিষয়ে আমার আর কিছু বলার নেই৷’
পৌর শহরের নতুন বাজার এলাকার ব্যবসায়ীরা জানান, গতকাল মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে ১০-১২ জন যুবক চিৎকার করে তাঁদেরকে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেন৷ ব্যবসায়ীরা ভয়ে দোকান বন্ধ করে চলে যান৷ যুবকদের পরিচয় সম্পর্কে ব্যবসায়ীরা কিছু বলতে রাজি হননি৷
ছাত্রলীগের একাধিক নেতা দাবি করেছেন, অন্যের হয়ে আবু হানিফের পরীক্ষা দেওয়ার বিষয়টি পরীক্ষাকেন্দ্র কতৃর্পক্ষের জানা ছিল৷ সে এই পরিচয়ে হিসাববিজ্ঞান বিষয়ে প্রথম পর্বের পরীক্ষায় অংশ নিয়েছে৷
তবে ওই কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম এ বিষয়টি অস্বীকার করেছেন৷