জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা গত বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বিচারসহ তিন দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে সাংবাদিক সমিতি।জানা যায়, বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখার সময় মাঠে বসা নিয়ে দৈনিক শক্তি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল হোসাইনের্রসঙ্গে মীর মশাররফ হোসেন হলের ছাত্রলীগের কর্মী তন্ময় খানের কথা-কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি পলাশ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাঈদ জুনায়েদ সেখানে উপস্থিত হন। পরে তাঁদের সঙ্গে ছাত্রলীগ কর্মী তন্ময়, মঈন, লিটন, অভিসহ সাত-আটজনের বাগিবতণ্ডা হয়। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির মাঠে খেলা দেখতে আসেন। বিষয়টি জানতে পেরে খেলা শেষে তিনি ছাত্রলীগের কর্মী তন্ময়, মঈন, লিটন ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের তাঁর কার্যালয়ে নিয়ে যান। উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রলীগের কর্মী ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের সাত কর্মীকে রাতেই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।