সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুহুল আমিন নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে তাঁর ওপর এই হামলা হয়। ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রশিবিরের ক্যাডাররা এই হামলা চালিয়েছে।
একই কায়দায় গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম তৌহিদ আল হোসেন ওরফে তুহিনের হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। ওই হামলাও শিবির ক্যাডাররা চালায় বলে ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রলীগ সূত্র জানায়, রুহুল আমিন ইংরেজি বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থী। রাত সাড়ে আটটার দিকে তিনি এক শিক্ষকের সঙ্গে ইংরেজি বিভাগ থেকে বের হয়ে ক্যাফেটেরিয়ার সামনে আসেন। সেখানে আসামাত্র মুখে কালো কাপড় বাধা পাঁচ ছয়জন লোক তাঁকে ধাওয়া করে। এক পর্যায়ে রুহুলকে ধরে তারা বেধড়ক পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। তাঁর চিত্কারে আশপাশ থেকে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ছাত্রলীগ কর্মীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্তব্যরত চিকিত্সকেরা জানিয়েছেন, রুহুলের পিঠে, দুই পায়ে হাটুর নিচে, হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মক জখম হয়েছে। রাত সাড়ে দশটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালে তাঁর শরীরে অস্ত্রোপচার চলছিল।
মুঠোফোনে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার প্রথম আলো ডটকমকে বলেন, ‘শিক্ষার্থীরা বলেছে, রুহুলের ওপর ৫-৬ জন শিবির ক্যাডার হামলা করেছে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বলেন, ‘ছাত্রশিবির ক্যাডাররা রুহুলের ওপর হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুর্বল কমিটি হওয়ার সুযোগে শিবির ক্রমাগতভাবে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা করছে।’ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দোষী শিবির-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ছাত্রলীগের অভিযোগের ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হুসেইন আহমদের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। শিবিরের সাধারণ সম্পাদকের মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। এর আগেও শিবিরের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠলে হামলার পরপরই তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।