ছাত্রলীগ কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে হরতালকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে হরতালের প্রথম দিনে হাসান আলী নামের ছাত্রলীগের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে হরতালকারীরা।

আজ রোববার ১৮-দলীয় জোটের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে বেলা ১১টার দিকে কানসাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
হাসান আলী শ্যামপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আতাউর রহমানের ছেলে।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন জানান, কানসাট ব্রিজ এলাকায় ছাত্রলীগের কর্মী হাসান আলী ও হারুনের ওপর হামলা চালান শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা হারুনকে মারধর করে ও ধারালো অস্ত্র দিয়ে হাসান আলীর পায়ের রগ কেটে দিয়ে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়। স্থানীয় বিরোধের জের ধরে তাঁকে কুপিয়ে আহত করা হয়েছে।
এর আগে হরতালকারীরা শিবগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বলে জানিয়েছেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোতারফ হোসেন।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা মোড় থেকে সকাল সাতটার দিকে একটি মিছিল বের করেন শিবিরের কর্মীরা। মিছিল শেষে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখেন মিছিলকারীরা। পরে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গেলে তাঁরা পালিয়ে যান।
তবে হরতালে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুরুল আলম জানান, জেলায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।