ছাত্রলীগ কর্মীর হাত কাটার ঘটনায় মামলা
পাবনার ঈশ্বরদীতে ছাত্রলীগের কর্মীর হাত কেটে ফেলার ঘটনায় পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল আলম ওরফে পিন্টুসহ দলের নয় নেতা-কর্মীর নামে থানায় মামলা হয়েছে।
আহত ছাত্রলীগের কর্মী সৌরভ ওরফে টুনটুনির নানা শহিদুল্লাহ বিশ্বাস বাদী হয়ে গত মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশ জানান, মামলায় হুকুমের প্রধান আসামি করা হয়েছে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের নেতা পিন্টুকে। এ ছাড়া এ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মানিক হোসেন, চমন ইসলাম, মোহাম্মদ জনি, সাব্বির হোসেন, লম্বা ইউনুস, রাজীব, অভি, সজলসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনের কথা এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিরা গা-ঢাকা দিয়েছেন।
অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে গত সোমবার বিকেলে পাকশীতে ছাত্রলীগের কর্মী সৌরভের ওপর হামলা চালিয়ে বাহু থেকে তাঁর বাঁ হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলা হয়।