ছাত্রলীগ-ছাত্রদল পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধসহ আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর এলাকায় গতকাল রোববার ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এসব ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে খলিলুর রহমান কলেজের ছাত্র ছাত্রদলের কর্মী আবদুর রহমান স্থানীয় আলী আকবর উচ্চবিদ্যালয়ে ভোটার হওয়ার জন্য ছবি তুলতে যান। এ সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে ধরে মারধর করেন। এ ঘটনার জের ধরে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের কর্মী মনাকে কুপিয়ে আহত করেন। এরপর ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের তারেক, ফরহাদসহ আরও তিনজনকে মারধর করেন এবং বিকেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুহিনের বাড়িতে হামলা চালান। এ সময় তুহিন পালিয়ে গিয়ে আত্মরক্ষার জন্য দৌড় দিলে ছাত্রলীগের কর্মীরা কয়েকটি গুলি করেন। এতে তুহিনের বাঁ হাতে গুলিবিদ্ধ হয়।সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম বলেন, ছাত্রদলের কর্মীরা ভোটার হতে গেলে কোনো কারণ ছাড়াই ছাত্রলীগ তাঁদের ওপর হামলা চালায়। ঘটনা পুলিশকে জানানোর পর পুলিশ গিয়ে উল্টো ছাত্রদলের কর্মী আবদুর রহমানকে আটক করে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাহার বাবু ছাত্রদলের কর্মীদের ওপর হামলার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, ছাত্রদলের কর্মীরাই প্রথমে ছাত্রলীগের কর্মীকে কুপিয়ে আহত করেছেন। এরপর ছাত্রলীগের কর্মীরা হামলাকারীকে ধাওয়া করেছেন।