ছাত্রলীগ-ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় রামদা হাতে ছাত্রদলের এক কর্মী। ছবি : প্রথম আলো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের সময় রামদা হাতে ছাত্রদলের এক কর্মী। ছবি : প্রথম আলো।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার বিজয় দিবসে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলায় ফুল দেওয়ার সময় ছাত্রদল ও শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ও কয়েকটি ফাঁকা গুলির শব্দ শোনা গেছে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীসহ ১৩ জন আহত হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার পর মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য মুক্তবাংলায় বিশ্ববিদ্যালয় এবং ছাত্রসংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুল দিয়ে ফেরার সময় প্রশাসন ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে হঠাত্ তিনটি ককটেলের বিস্ফোরণ ও কয়েকটি ফাঁকা গুলির শব্দে ক্যাম্পাসে শিবির-আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর শিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠিত হয়ে ধাওয়া দিলে ছাত্রলীগের  বেশির ভাগ নেতা-কর্মী প্রশাসন ভবনের ভেতর আশ্রয় নেন। পাল্টাপাল্টি ধাওয়ার সময় ছাত্রদলের কয়েকজন কর্মীর হাতে রামদা ও লাঠিসোঁটা দেখা গেছে। শিবির ক্যাডাররা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।
এদিকে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় ইট-পাটকেলের আঘাতে ছাত্রলীগ ও ছাত্রদলের ১২ জন নেতা-কর্মী আহত হন। তাঁরা হলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম, আহমেদ সাজন, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. হালিম, ছাত্রলীগের নেতা মিজানুর রহমান মিজু, ছাত্রলীগের কর্মী জনি, সোহেল এবং ছাত্রদলের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, আনিসুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ, ছাত্রদলের কর্মী আখিরুল, কাঞ্চন। তাঁদের বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ফুল দেওয়ার সময় ছাত্রদল ও শিবির ক্যাডাররা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। ছবি : প্রথম আলো।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসের ফুল দেওয়ার সময় ছাত্রদল ও শিবির ক্যাডাররা লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ধাওয়া করে। ছবি : প্রথম আলো।


একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আইন অনুষদের কর্মচারী আসাদুজ্জামানের পায়ে ছুরি চালিয়ে তাঁকে আহত করে কয়েকজন। বর্তমানে তিনি ঝিনাইদহের একটি হাসপাতালে চিকিত্সাধীন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামীম খান প্রথম আলোকে বলেন, ‘আমরা ফুল দিয়ে চলে
যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্লোগান দেন এবং আমাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন। আমরা তা প্রতিহত করার চেষ্টা করেছি। কিন্তু ছাত্রদল পিছু হটলে শিবির ক্যাডাররা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ ফুল দেওয়ার সময় আমরা ফুল দিতে প্রশাসন ভবনের সামনে অপেক্ষা করছিলাম। ফুল দেওয়া শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালালে আমরা তা প্রতিহত করেছি।’
বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি তারেক মনোয়ার ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবারের মতো বিজয় দিবসের শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিজয় দিবসের মতো মহান একটি দিনে যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শাহিনুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার তদন্তে একটি কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।’ তদন্ত সাপেক্ষে এ সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।