পূর্ববিরোধের জের ধরে গতকাল সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মী কিরন ও ছাত্রদলের কর্মী মাসুমের পূর্ববিরোধকে কেন্দ্র করে বাগিবতণ্ডা বাধে। একপর্যায়ে তাঁদের সহযোগীরা এগিয়ে এলে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক রায়হান হোসেন, ছাত্রলীগের কর্মী রায়হান ভূঁইয়া ও কিরন, ছাত্রদলের মাসুম ও জিয়া উদ্দিনসহ প্রায় ১০ জন আহত হন। গুরুতর আহত রায়হান হোসেনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং আহত অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে কর্তৃপক্ষ কলেজ ছুটি ঘোষণা করলে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ত্যাগ করে।
ছাত্রদলের কলেজ শাখার নেতা জিয়া উদ্দিন জানান, সকালে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের কিরন ছাত্রদলের নেতা মাসুমকে মারধর করেন। এ সময় ছাত্রদলের অন্য নেতা-কর্মীরা এসে এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এদিকে আহত নেতা-কর্মীদের হাসপাতালে দেখতে এসে ছাত্রলীগের জেলা শাখার সভাপতি শেখ জামাল সাংবাদিকদের বলেন, ‘কলেজ ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে রুবেল ও স্বপনের নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা পরিকল্পিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে হামলায় চালায়। এতে কলেজ শাখার আহ্বায়কসহ ছয়-সাতজন ছাত্রলীগের কর্মী আহত হয়েছেন।’ অপর দিকে ছাত্রদলের জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ জানান, ছাত্রলীগ সাধারণ ছাত্রদের নিয়ে জোর করে কলেজ ক্যাম্পাসে মিছিল করতে গেলে ছাত্রদল ও সাধারণ ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
কফিল উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান জানান, দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষের সময় ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সাধারণ ছাত্রছাত্রীরা দ্রুত কলেজ ত্যাগ করে।