ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ২০, বিএনপি কার্যালয়ে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরে জেলা ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর করেছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা জামায়াত শিবিরের নৈরাজ্যে ও ছাত্রলীগ সম্পর্কে কটূক্তির প্রতিবাদে শহরের সাদ্দাম বাজার থেকে একটি মিছিল বের করেন।জেলা ছাত্রদল তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোর্ট স্টেশন থেকে একটি মিছিল বের করে। বিএনপির মিছিলে পেছন থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ধাওয়া দেন। এ সময় উভয় পক্ষে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটা দিয়ে সংঘর্ষ বাধে। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভেতরের আসবাব ও সামনে থাকা তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা ছাত্রদলের আহ্বায়ক কামাল উদ্দিন অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের পরিকল্পিত হামলায় তাঁদের প্রায় ১৯ নেতা-কর্মী আহত হয়েছেন। তবে ছাত্রলীগের সভাপতি আলী মর্তুজা খসরু বলেন, তাঁদের মিছিলে ছাত্রদলের কর্মীরা ওপর হামলা চালান। এতে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়।