নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল বের করার ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন নেতা-কর্মী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় ৯০-এর ১০ অক্টোবর ঢাকায় নিহত ছাত্রদল নেতা নাজিরউদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসে মিছিল বের করার উদ্যোগ নেয়। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাত্রদলের নেতা-কর্মীদের মিছিল করা থেকে বিরত রাখতে চেষ্টা করেন। এ সময় প্রক্টরিয়াল বডির কয়েকজন সদস্যের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলদলের আহ্বায়ক আরাফাত রেজা ও সালাউদ্দিন রানার নেতৃত্বে সংগঠনের ৩০/৩৫ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে পুরাতন ফোকলোর চত্বর থেকে ক্যাম্পাসে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ফোকলোর চত্বরে গিয়ে সমাবেশের আয়োজন করে। দুপুর পৌনে ১২টার দিকে ছাত্রলীগের ২৫/৩০ জন নেতা-কর্মী ছাত্রদলের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ফোকলোর চত্বরের কাছে গেলে উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের কর্মী রাঞ্জু, ইমরান, নোমান, মিঠু এবং ছাত্রদলের আরাফাত রেজা, সালাউদ্দিন, একরামুল হক ও সাইফুল আহত হন। ঘটনার পর ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে। ছাত্রলীগের নেতা আহমেদ, রাঞ্জু ও ইলিয়াস হোসেন দাবি করেন, বহিরাগত এবং অছাত্রদের নিয়ে ছাত্রদলের মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়া হলে ছাত্রলীগের বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরাফাত রেজা বলেন, জেহাদ দিবস এবং ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের প্রতিবাদ জানিয়ে তাঁরা ক্যাম্পাসে মিছিল বের করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ছাত্রদলের চার-পাঁচজনকে আহত করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বর্তমানে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। যারা ক্যাম্পাসকে অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।