ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে পুলিশসহ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে গতকাল রোববার সিলেটের জৈন্তাপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের সংঘর্ষে পুলিশের দুই সদস্যসহ ২০ জন আহত হয়েছে। এ সময় দুটি গাড়ি ও পাঁচটি দোকান ভাঙচুর করা হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটায় পরীক্ষা দিয়ে জৈন্তাপুর সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে বের হচ্ছিল এসএসসি পরীক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে কেন্দ্রের সামনে ছাত্রলীগ ও ছাত্রদল মিছিল বের করে। মিছিল শেষে স্কুলের ফটকে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটের আঘাতে আহত হন জৈন্তাপুর থানার কনস্টেবল আবদুস সালাম ও সাইফুল ইসলাম। এ সময় ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা একটি প্রাইভেট কার ও পাঁচটি দোকান ভাঙচুর করেন। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় ও হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে ছাত্রলীগের সাতজন ও ছাত্রদলের ১৩ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পুলিশের দুই সদস্যসহ ১৪ জনকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিকেলে আহত পুলিশের সদস্য আবদুস সালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি কয়ছর আহমদের দাবি, ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা চালান। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ঠেকাতে গেলে সংঘর্ষ বাধে। তবে উপজেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমদ বলেন, পুলিশের সহায়তায় ছাত্রলীগ হামলা চালিয়েছে।ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, পরীক্ষার্থীদের স্বাগত জানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।