ছাত্রলীগ-ছাত্রদলের দুই পক্ষে সংঘর্ষে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রলীগ-ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ছাত্রদলের দুই কর্মী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ফটিকছড়ি ডিগ্রি কলেজ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ি কলেজ ছাত্রদলের কর্মীরা কলেজ অভ্যন্তরে দেয়ালে ‘লিকুইড গ্রুপ’ নামে একটি চিকা (দেয়াল লিখন) মারে। কলেজ ছাত্রলীগের সদস্য রিয়াদ আজিজসহ কয়েকজন গতকাল সকালে লেখাটি দেখে মোহামঞ্চদ সাদি নামের এক ছাত্রদলের সদস্যকে মুছে ফেলতে নির্দেশ দেন। প্রত্যুত্তরে সাদি লেখাটি মোছা যাবে না বললে আবদুল্লাহ আল মামুন নামের অপর ছাত্রদলের সদস্য এসে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এ সময় রিয়াদ আজিজ কয়েকজন বন্ধু নিয়ে ছাত্রদলের সদস্যদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আবদুল্লাহ আল মামুনের মাথা ও গালে গুরুতর জখম হয়। আহত হয় সাদিও।বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে বেলা ১১টার দিকে ফটিকছড়ি পৌর ছাত্রদলের সদস্যরা সংঘবদ্ধ হয়ে শতাধিক নেতা-কর্মী নিয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। বিষয়টি দেখে কলেজ কর্তৃপক্ষ দ্রুত ফটিকছড়ি থানায় অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ফটিকছড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহিম দলীয় সংঘর্ষ নয় বলে দাবি করেন। বলেন, কলেজের সিনিয়র ও জুনিয়র কিছু শিক্ষার্থীর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি বিকেলে উভয় পক্ষকে ডেকে এনে পরিস্থিতি শান্ত করেছেন বলে জানান। আহত ব্যক্তিরা হলেন, কলেজ ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল মামুন ও মোহামঞ্চদ সাদি। তাঁরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত মোহামঞ্চদ সাদি বলেন, ছাত্রলীগের রিয়াদ আজিজসহ কয়েকজন মিলে দেয়াল লিখন মুছে দেওয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করে। পরে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।কলেজ ছাত্রলীগের সভাপতি সাহেদুল আলম বলেন, ‘দেয়ালে বিভিন্ন গ্রুপের নাম লেখা থাকবে—সেটা আমরা মেনে নিতে পারি না। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি ও উত্তেজনা ছড়িয়ে পড়লে কলেজ কর্তৃপক্ষ বিকেলে মীমাংসা করে দেয়।’কলেজ ছাত্রদলের সভাপতি শামীম আলমগীর বলেন, ছাত্রলীগের উচ্ছৃঙ্খল কর্মীরা আমাদের দুই কর্মীর ওপর হামলা চালিয়েছে। ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সবুর বলেন, ছাত্রলীগ ও ছাত্রদলের দুই পক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।