বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে গতকাল বৃহস্পতিবার দুপুরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি শেষ হওয়ার পর বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিলকারীদের ধাওয়া করেন। পরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা কলেজ ক্যাম্পাস থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। এরপর ছাত্রলীগ কলেজ ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো বলেন, ছাত্রদল তাদের মিছিল শেষ করার পর ক্যাম্পাসে অবস্থান নেয়। সেখানে সংগঠনটির জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের নেতা-কর্মীরা বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় ছাত্রদল। তখন ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কর্মসূচি ছিল না। ছাত্রলীগ ছাত্রদলের মিছিলে হামলা করেছে বলে তিনি শুনেছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।