বগুড়ার ধুনটে জুয়া-লটারির আসরের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ছাত্রলীগের সভাপতিসহ উভয় পক্ষের আটজন আহত হয়েছেন। প্রশাসনের অনুমতি ছাড়াই বিদ্যালয় মাঠে মেলার নামে ওই আসর বসে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের পাঁঠা বলি উপলক্ষে ভূতবাড়ীর একটি মাঠে প্রতিবছর এক দিনের জন্য মেলার আয়োজন করা হয়। গত দুই বছর ধরে মেলা কমিটির লোকজন সেখান থেকে ভান্ডারবাড়ী উচ্চবিদ্যালয়ের মাঠে এই মেলার আয়োজন করছেন। এ কারণে দুই দিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাবড়া বন্ধ রাখতে হয়।
মেলায় জুয়া-লটারির আসর বসার খবর পেয়ে থানা-পুলিশ গত মঙ্গলবার দুপুরে সেখান থেকে আবদুল করিম, কামার উদ্দীন ও আবদুল বারেককে গ্রেপ্তার করে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে ৬০০ টাকা করে জরিমানা করে সন্ধ্যায় ছেড়ে দেন। এরপর তাঁরা মেলায় গিয়ে আবারও জুয়া-লটারির আসরে খেলা শুরু করেন। একপর্যায়ে রাত আটটার দিকে ওই আসরের টাকা ভাগাভাগি নিয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেকসহ ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, সবুজ মিয়া, হিটলার ও পাখি আহত হন।
অন্যদিকে ছাত্রদল কর্মী মিজানুর রহমান ও মজনু মিয়া ছুরিকাঘাতে আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মিজানুর রহমানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ভান্ডারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সালেক বলেন, ‘ছাত্রদলের নেতা-কর্মীরা বিদ্যালয় মাঠে মেলার নামে জুয়া-লটারির আসর বসিয়েছে। ছাত্রলীগের নেতা-কর্মীরা এর প্রতিবাদ করলে তাঁরা তাঁদের মারধর করেন। আমি খবর পেয়ে সেখানে গেলে তাঁরা আমাকেও মারধর করেন।’
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতারা মেলার আধিপত্য নিয়ে ছাত্রদলের কর্মী হরিনাথপুর ডিগ্রি কলেজের ছাত্র মিজানুর রহমানকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে মেলার লোকজন ছাত্রলীগের নেতাদের মারধর করেছে।
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সাধারণ সম্পাদক আতিকুল করিম বলেন, মেলায় কোনো মারধরের ঘটনা ঘটেনি। পূর্ববিরোধের জের ধরে মেলার বাইরে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত ও মারপিটের ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
ধুনট থানার পরিদর্শক (ওসি) মোবারক হোসেন বলেন, দুই দলের মধ্যে মেলার আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি।