ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল ফাটানো হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে দুপক্ষ মিছিল বের করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের পক্ষ থেকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল বের করা হয়। এরপর দুপুর ১২টার দিকে ছাত্রদল একটি মিছিল বের করার চেষ্টা করলে প্রথমে পুলিশ বাধা দেয়। তবে পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্রদল মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করার সময় শহীদ মিনারের পাশে উভয় সংগঠনের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। আধা ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিদের বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যকেন্দ্র ও বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল ফাটানোর শব্দ শোনা যায়।
ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হযরত বেলাল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এতে আমাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ ১২ জন আহত হয়েছেন।’
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান অভিযোগ করেন, ছাত্রদলের মিছিল থেকে ককটেল ফাটানোর কারণে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।