ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, আহত ২০
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর ওয়াপদা বাজার এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়ন ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বসতবাড়িসহ বিএনপি-সমর্থকদের দুটি দোকান ও সাতটি বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে আট নারীসহ উভয় পক্ষে ২০ জন আহত হয়।
এলাকাবাসী জানান, গত বুধবার স্থানীয় বালুরচর উচ্চবিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সমর্থকদের মধ্যে এক সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হলে তার জের ধরে গতকালের ওই সংঘর্ষ বাধে।
স্থানীয় চর আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. আক্তার দাবি করেন, বুধবার বালুরচর উচ্চবিদ্যালয়ে ছাত্রদলের কর্মীরা ছাত্রলীগের কর্মী মো. মনিরকে মারধর করেন।
ওই ঘটনায় বৃহস্পতিবার রামগতি থানায় মামলা হয়। এর জের ধরে ছাত্রদল ও বিএনপির কর্মীরা গতকাল শুক্রবার সকালে ছাত্রলীগের কর্মী মো. রাশেদকে ওয়াপদা বাজারে মারধর করেন এবং দুপুরে বালুরচর এলাকায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকবর হোসেন ও তাঁর ভাই মো. আক্তারসহ আবুল কালাম, আনোয়ার হোসেন ও নুরুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।
চর আলেকজান্ডার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. হান্নান ছাত্রলীগের কর্মীদের মারধরের কথা অস্বীকার করে দাবি করেন, বুধবারের ঘটনার জের ধরে গতকাল দুপুরে ছাত্রলীগের কর্মীরা ওয়াপদা বাজারে বিএনপি-সমর্থক আকবর হোসেনের দোকান ভাঙচুর ও লুট করেন এবং তাঁর (হান্নানের) পিতা মো. আবদুল বারেককে পিটিয়ে আহত করেন।
পরে তাঁরা বালুরচর এলাকায় তাঁর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। ওই সময় তাঁর চাচা, ভাই ও ভগ্নিপতির ছয়টি বসতঘর এবং একটি দোকানেও ভাঙচুর ও লুটপাট করা হয়। হামলাকারীরা তাঁর মা বিবি সাকেনা, ভাবি জিন্নাত নাহার, বিউটি আক্তার, বোন নিরু বিবি, ইয়াছমিন আক্তার, রওশন আক্তার, ভাতিজি নুরুন্নাহার, প্রতিবন্ধী ভাই মো. জসীম উদ্দিন, মো. বাবুল, মিরাজ উদ্দিন, ভাগনে নবীর হোসেন ও আহাদ হোসেনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আক্তার হোসেন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পুলিশ এলাকায় টহল দিচ্ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।