ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষ, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সরকারি কলেজে গতকাল ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে গুলিবিনিময় হয়। সংঘর্ষে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের কর্মীরাও যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে এলেও অস্ত্রধারী (গোল চিহ্নিত) কাউকে আটক করেনি ষ ছবি: প্রথম আলো
লক্ষ্মীপুর সরকারি কলেজে গতকাল ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের মধ্যে গুলিবিনিময় হয়। সংঘর্ষে ছাত্রলীগের সঙ্গে যুবলীগের কর্মীরাও যোগ দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ক্যাম্পাসে এলেও অস্ত্রধারী (গোল চিহ্নিত) কাউকে আটক করেনি ষ ছবি: প্রথম আলো

লক্ষ্মীপুর সরকারি কলেজে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষে প্রায় ২০টি গুলিবিনিময় হয়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পুলিশ শটগানের নয়টি গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর কলেজ দুই দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১০টার দিকে ছাত্রলীগের কর্মীরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেনকে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করতে ক্যাম্পাসে জড়ো হচ্ছিলেন। একপর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলমের নেতৃত্বে কলেজ শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পাসের বিজ্ঞান ভবন চত্বর থেকে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া করেন। এ সময় দুই পক্ষে পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটোওয়ারীর নেতৃত্বে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা জড়ো হয়ে ছাত্রদলকে পাল্টা ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন। এ সময় কলেজের একটি কক্ষ ভাঙচুর করা হয়। পুলিশ নয়টি ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগ নেতা-কর্মীরা ছাত্রদলের সমর্থকদের ধাওয়া করে শহরের লামচরি নিয়ে যান। এ সময় ছাত্রদল ও ছাত্রলীগের ১২ নেতা-কর্মী আহত হন। দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়ার সময় অন্তত ২০টি গুলিবিনিময় হয়। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ সংঘর্ষের জন্য ছাত্রদলকে দায়ী করেছেন। তবে জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ অভিযোগ করেন, ছাত্রলীগের নেতা মনিরুজ্জামানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ছাত্রদলের আটজন নেতা-কর্মী আহত হন।