সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। এ সময় কলেজ ছাত্রদলের নেতা পরিচালিত একটি কোচিং সেন্টারে ভাঙচুর চালানো হয়। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের আটজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে পরিচিতি সভা উপলক্ষে কলেজে যাওয়ার সময় ছাত্রলীগ ও বহিরাগতদের হামলার অভিযোগ এনে গতকাল বিকেলে জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়েছে।কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা জানান, কলেজ কর্তৃপক্ষ গতকাল বেলা ১১টায় একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের পরিচিতি সভার আয়োজন করে। এ উপলক্ষে সাড়ে ১০টার দিকে নবাগত ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য কলেজের প্রধান ফটক দিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলামের নেতৃত্বে নেতা-কর্মীরা কলেজে প্রবেশ করছিলেন। এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান ও আওয়ামী লীগের কর্মী সৈয়দ ইমাম হাসান, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি এ বি এম মামুন, সাধারণ সম্পাদক আমিনুর রহমানের নেতৃত্বে শাওন, ইমরান, রাসেল, জুয়েল, রানা, বিল্লাল হোসেন, পলাশ, হোসেন আলী, টগরসহ ছাত্রলীগের ৪০-৫০ জন নেতা-কর্মী তাঁদের বাধা দেন। একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছাত্রদলের কর্মী দ্বিতীয় বর্ষের ছাত্র আফতাবুর রহমান, ফারুখ হোসেন, সম্মান প্রথম বর্ষের জিয়াউর রহমান, হাবিবুল্লাহ ও কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ ১০ জন এবং কলেজ ছাত্রলীগের সভাপতি এ বি এম মামুন, সাধারণ সম্পাদক আমিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইমরান হোসেন ও দপ্তর সম্পাদক রাসেল কবীরসহ সাতজন আহত হন।পরে ছাত্রদলের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম পরিচালিত কলেজের সামনের কোচিং সেন্টারে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে জানালা, টেবিল, চেয়ার, একটি মোটরসাইকেল ও একটি সাইকেল ভাঙচুর করেন। আহতদের মধ্যে ছাত্রদলের পাঁচজন ও ছাত্রলীগের তিনজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।জেলা যুবলীগের সাবেক সভাপতি আবদুল মান্নান ও আওয়ামী লীগের নেতা সৈয়দ ইমাম হাসান হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন বলেন, তাঁরা ঘটনাস্থলে ছিলেন না। কলেজে ছাত্রলীগ মিছিল করে যাওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা কটূক্তি করলে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে সংঘর্ষ হয় বলে তাঁরা শুনেছেন। জেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান বলেন, নতুন ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানানোর জন্য গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। এ সময় পুলিশ থাকলেও তারা উদ্ধারে এগিয়ে আসেনি। বর্বরোচিত এ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে থানায় মামলা করা হবে।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা জানান, কোনো কারণ ছাড়াই ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা সিটি কলেজে তাঁদের ওপর হামলা চালান। এ সময় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুর, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও দপ্তর সম্পাদক রাসেল কবীরসহ সাতজন আহত হন।কলেজের অধ্যক্ষ আবু আহম্মেদ বলেন, কলেজ ক্যাম্পাসে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। কলেজের সামনের একটি কোচিং সেন্টারে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মী এবং সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে বলে তিনি শুনেছেন।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী খান জানান, সিটি কলেজে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। গতকাল বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।